দেশে গত এক দিনে আরো ১ হাজার ১৫৯ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে এটি সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়। এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর এই সংখ্যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্তের হারও ৪ জানুয়ারির পর প্রথমবারের মতো ৭ শতাংশ পেরিয়ে গেছে। গত একদিনে পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গতকাল রবিবার সকাল পর্যন্ত আরো এক হাজার ১৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৮ হাজার ৫৪৫ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ২১৯টি ল্যাবে ১৬ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি নমুনা। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ছয় জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।
