হুইলচেয়ারে করেই প্রচারণায় মমতা

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২২:৩৮

আবারও নির্বাচনি প্রচারণায় ফিরেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রবিবার কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে হুইলচেয়ারে বসেই নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী মমতা।

গত বৃহস্পতিবার মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারণার সময় আহত হন মমতা ব্যানার্জি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বাম পায়ে প্লাস্টার করা হয়েছে। শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। ডাক্তার ১৫ দিন বিশ্রাম নিতে বলেছিলেন। ধারণা করা হচ্ছিল কয়েক দিন বিশ্রামে থাকতে পারেন তিনি। কিন্তু বাসায় ফেরার পরদিনই তিনি হুইলচেয়ারে করে প্রচারণায় ফিরেছেন। 

মমতা বলেন, এখন বিশ্রাম নিলে চলবে না। এখনো অত্যন্ত যন্ত্রণার মধ্যে রয়েছি। মানুষের যন্ত্রণা আরো বেশি করে অনুভূত হচ্ছে। পবিত্র এই মাটি রক্ষার লড়াইয়েও কম যন্ত্রণা পোহাতে হয়নি আমাদের। আগামী দিনে আরো যন্ত্রণা সহ্য করতে রাজি আছি। কিন্তু কাপুরুষদের সামনে কখনোই মাথা নোয়াব না। আমার ওপর ভরসা রাখুন। আহত বাঘ আরো ভয়ঙ্কর। হুইলচেয়ারে বসেই ভাঙা পায়ে ঘুরব। ভাঙা পায়ে খেলা হবে।

এদিকে, নন্দীগ্রামে মমতার নিরাপত্তার যথাযথ ব্যবস্থা না করার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তা বিবেক সহায় এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বরখাস্ত করেছে ভারতের নির্বাচন কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসককেও। নির্বাচন কমিশন সূত্রের খবর, হামলার প্রমাণ পাওয়া না গেলেও গাফিলতির কারণেই এই সিদ্ধান্ত।