পাকস্থলীতে করে ৭ হাজার ৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট বহনের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শফিকুল আলম (৪২) এবং শাহজাহান মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, শনিবার কক্সবাজার থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন সফিকুল আলম এবং শাহজাহান মিয়া। আমাদের কাছে গোপন তথ্য ছিল, তারা পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পার্কিং এলাকার পাবলিক টয়লেটের সামনে থেকে গ্রেফতার করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। পরবর্তী সময়ে প্রায় ১২ ঘণ্টা পরে গতকাল তাদের পেট থেকে ১৬০টি প্যাকেট বের করে আনা হয়। এই ১৬০টি প্যাকেটে সর্বমোট ইয়াবার পরিমাণ ৭ হাজার ৯৯০টি।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ফয়সাল নামের এক মাদক ব্যবসায়ীর নির্দেশে তারা কক্সবাজার থেকে এ ইয়াবা ঢাকা নিয়ে এসেছেন। তারা গত দুই দিন কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলাতে ফয়সালের বাড়িতে থেকে ইয়াবার ১৬০টি প্যাকেট খেয়ে পেটের মধ্যে নেন। পরে তারা ইয়াবা নিয়ে ঢাকা আসেন। ইয়াবার প্রতি চালানে ফয়সাল তাদের ১৫ হাজার টাকা এবং ফ্লাইটের টিকিট ভাড়া দিতেন।
