বরিশালে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, স্টাফ, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের সঙ্গে থ্রি হুইলার মাহিন্দ্রার সংঘর্ষে দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গত শনিবার রাতে নগরীর কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল, মোহাম্মদ হামজা (১২) ও নোমান হাফিজ (১৪)। নিহতরা বরগুনা জেলার বামনা উপজেলার আমতলী গ্রামের বাসিন্দা ও বরিশাল নগরীর কাউনিয়া এলাকার আল কোরআন ফাউন্ডেশনের ছাত্র। এ সময় থ্রি হুইলারের চালকসহ আরো তিন ছাত্র আহত হয়। পিরোজপুরের ছারছিনা মাহফিল শেষে একটি থ্রি হুইলারে করে আল কোরআন ফাউন্ডেশনের ছাত্ররা বরিশালে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর (বগুড়া) : ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আছিয়া বেগম (৩৮) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। গতকাল শেরপুর শহরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, রংপুর : নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নোহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ক্যানেলটারী বাঁধের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নোহা পার্শ্ববর্তী বানুপাড়া এলাকার হাছেনুর রহমানের মেয়ে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন রাজ্জাক মুন্সী বাড়ির সামনে একটি ট্রাক্টর লরীর চাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত ও সিএনজির চালকসহ আরো তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন, তাড়াইল উপজেলার ভাওয়াল ভুঁইয়া বাড়ির আসাদুজ্জামান ভুঁইয়া বাবলু (৪০) এবং দামিহা গ্রামের মোশাররফ হোসেন দেলোয়ার (২০)।
পঞ্চগড় : বোদা ও তেঁতুলিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল জেলার বোদা-দেবীগঞ্জ সড়কের পল্লি বিদ্যুতের সামনে ও তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাদ্রাসা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন—চন্দনবাড়ি ইউনিয়নের মিরপাড়া গ্রামের রইসুল ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) এবং সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের তাজুল ইসলাম (৩০)।
