রাজধানীতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার লঞ্চার ভেঙে দুই চীনাকর্মীসহ চার জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এর আগে শনিবার গভীর রাতে উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে, তবে কেউ হতাহত হননি।
কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, বিমানবন্দর রেল স্টেশনের কাছে প্রকল্পের একটি গার্ডার স্থাপনের সময় লঞ্চার ভেঙে পড়লে চার কর্মী আহত হন। আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে তিন জনকে এভারকেয়ার হাসপাতাল এবং এক জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ জানান, যন্ত্রের ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এটা মূল পিলারের সঙ্গে সম্পৃক্ত নয়। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পরবর্তী সময় না ঘটে এজন্য সংশ্লিষ্টদের নিয়ে বসব।
অন্যদিকে পিয়ার ক্যাপ ধসে পড়ার ব্যাপারে বিআরটির প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী জানান, শনিবার রাত আড়াইটার দিকে উত্তরা পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে। ঢালাই প্রায় ৯০ শতাংশ শেষ হওয়ার পর সাপোর্ট দেওয়ার যে খুঁটিগুলো ছিল তার একটিতে কোনো কিছুর আঘাত লেগে সরে যাওয়ায় সম্পূর্ণ ঢালাই ধসে পড়ে। ট্রাফিক ব্যবস্থার দুর্বলতার কারণে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আমরা মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করব।
