অভিনেত্রী রোজামুন্ড পাইক অদ্ভুত একটা কথা ফাঁস করলেন। অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবসহ জেতা সব পুরস্কার বাগানে মাটি চাপা দিয়ে রাখেন তিনি। আমেরিকান উপস্থাপক এলেন ডিজেনারেসের ‘দ্য এলেন ডিজেনারেস শো’তে মজার তথ্যটি দিয়েছেন ৪২ বছর বয়সী এই অভিনেত্রী।
ইমপোস্টার সিন্ড্রোম নামের রোগের লক্ষণ বলা যেতে পারে রোজামুন্ড পাইকের এমন কার্যকলাপ। নিজেকে নিয়ে খুঁতখুঁতে স্বভাব থাকে এই ধরনের মানুষের।
রোজামুন্ড পাইকের কথায়, ‘আমার কাছে ঘরের ভেতর পুরস্কার সাজিয়ে রাখা অস্বস্তিকর ব্যাপার। ঘরে কোনো অতিথি এলে ট্রফিগুলোর সঙ্গে সম্পৃক্ত হয় কীভাবে? আমার কাছে এটা বিশ্রী লাগে। তাই বাগানে মাটির নিচে রেখে দিয়েছি, তবে ট্রফির কিছু অংশ দেখা যায়।’
গত মাসে ৭৮তম গোল্ডেন গ্লোবসে ‘আই কেয়ার অ্যা লট’ ছবির জন্য সেরা কমেডি অভিনেত্রী শাখার পুরস্কার জেতেন রোজামুন্ড পাইক। এতে প্রতারক নারী মার্লা গ্রেসন চরিত্রে দেখা গেছে তাকে। এর আগে ‘গন গার্ল’ (২০১৫) ও ‘অ্যা প্রাইভেট ওয়ার’ (২০১৮) ছবির জন্য মনোনয়ন পেলেও ট্রফি ধরা দেয়নি।
ব্রিটিশ এই অভিনেত্রী এখন থাকেন চেক রিপাবলিকের রাজধানী প্রাগে। আশা করা হচ্ছে, মাটির নিচে এ বছর আরও কয়েকটি পুরস্কার মাটিচাপা দিতে পারবেন। ‘আই কেয়ার অ্যা লট’ এবারের অস্কারে মনোনয়ন এনে দিতে পারে তাকে।
২০১৯ সালে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ টিভি সিরিজের জন্য এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন রোজামুন্ড পাইক। গোল্ডেন গ্লোব ও এমি ছাড়াও অনেক ট্রফি উঠেছে তার হাতে। সবই স্থান পেয়েছে বাগানে!
রোজামুন্ডের আশা, যখন তিনি পৃথিবীতে থাকবেন না তখন তার বাড়ির ভবিষ্যৎ মালিকরা ট্রফিগুলো আবিষ্কার করবেন। তিনি বলেন, ‘তাদের মনে হতে পারে, ধনদৌলত খুঁজে পেয়েছেন বুঝি!’
ইত্তেফাক/বিএএফ
