বৈদেশিক কর্মসংস্থানে দালালের প্রতারণা রোধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে :প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০০:১৭

বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ও প্রতারণা রোধে আইন প্রয়োগে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বিদেশে চাকরি দেওয়ার নামে ন্যূনতম প্রতারণাও মানব পাচারের শামিল উল্লেখ করে তিনি বলেছেন, সরকার মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গতকাল রবিবার প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয় ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘শ্রম অভিবাসন সংক্রান্ত অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অনেকাংশে রেমিট্যান্সের ওপর নির্ভরশীল। দিন দিন রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলছে। এই ধারা অব্যাহত রাখতে প্রবাসী কর্মীদের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশনের লক্ষ্যসমূহ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নিরাপদ শ্রম অভিবাসন বাস্তবায়নের লক্ষ্যে আইনি বিধিবিধান সঠিকভাবে প্রয়োগের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুল আলম, আইওএমের বাংলাদেশ মিশনপ্রধান গিওর্গি গিগাউরি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান প্রমুখ। কর্মশালায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন।