বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের থাবায় কর্মচারী আহত

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০০:১৭

গাজীপুরের ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের থাবায় মজনু মিয়া নামের এক কর্মচারী আহত হয়েছেন।

আহত মজুন মিয়া উপজেলার বেলতলি গ্রামের শামসুল হকের ছেলে। তিনি সাফারি পার্কের আউটসোর্সিং কর্মচারী বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

তাকে শ্রীপুরে আল-হেরা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, কোর সাফারি অংশে বাঘের বিচরণ থাকে। সেখানে বেষ্টনীর ভেতরে বেশ কয়েকটি বাঘ ছিল। এ সময় এনক্লোজারের সামনে হঠাত্ করে এ কর্মচারী বাঘের সামনে পড়ে গেলে বাঘ তাকে থাবা দেয়। এ ঘটনায় পার্কের অন্য কর্মচারীরা মিলে বাঘটিকে সরিয়ে মজনু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আল-হেরা হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক গোলাম মেহেদী হাসান বলেন, বাঘের থাবায় আহত মজনু মিয়ার বগলের নিচে ক্ষত তৈরি হয়েছে ও তার বাঁ-কাঁধ স্থানচ্যুত হয়েছে। তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।