‘ফিউচারস বিওন্ড দ্য সেল্ফ ২০২০’ প্রকল্পের বিজয়ী ১১ শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী চলছে গ্যালারি কলাকেন্দ্রে। করোনা মহামারি কেমন ছাপ রেখেছে শিল্পীদের মনে? করোনাকাল নিয়ে তাদের কল্পনা ও অভিজ্ঞতা তুলে আনতেই জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউট শিল্পীদের নিয়ে প্রকল্পের এ আয়োজন করে। এতে ৮০ জনের বেশি শিল্পী অংশ নেন। সেখান থেকে বাছাই করে ১১টি প্রকল্প নিয়ে শিল্পী ওয়াকিলুর রহমানের তত্ত্বাবধানে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ ও কলাকেন্দ্র যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপত্যবিদ মারিনা তাবাসসুম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ডক্টর কার্স্টেন হাঁকেনব্রোক, শিল্পী শিশির ভট্টাচার্য্য, শিল্পী ওয়াকিলুর রহমান। ফিউচারস বিওন্ড দ্য সেল্ফ পুরস্কার বিজয়ী শিল্পীর পক্ষে বক্তব্য রাখেন প্রিয়াঙ্কা চৌধুরী।
প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে প্রতি শনিবার এবং মঙ্গলবার থাকছে আর্টিস্ট টক এবং পারফরম্যান্স। ১০ মার্চে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
