করোনার তৃতীয় ঢেউ পাকিস্তানের ৭ শহরে লকডাউন 

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০০:৪০

করোনার তৃতীয় ঢেউ আঘাত হানলো পাকিস্তানেও। সোমবার (১৫ মার্চ) থেকে দেশটির পাঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ সাত শহরাঞ্চলে লকডাউন ঘোষণা করেছে ইমরান প্রশাসন। পরবর্তী দুই-সপ্তাহ এই লকডাউন থাকবে লাহোর, রাওয়ালপিন্ডি, সারগোধা, ফয়সলাবাদ, মুলতান, গুজরানওয়ালা ও গুজরাটে। 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের বরাতে জানা যায়, পাঞ্জাব প্রদেশের পক্ষ সরকারিভাবে এক বিবৃতিতে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন কোনও ধরনের গণ জমায়েত করা যাবে না। বন্ধ রাখতে হবে বিয়ের অনুষ্ঠানও। বন্ধ থাকবে ব্যাঙ্কোয়েট হল, কমিউনিটি সেন্টারগুলি। বন্ধ থাকছে রেস্তোরাঁও। তবে খাবারের হোম ডেলিভারি করা যাবে। তাছাড়া সব ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ। এদিকে রাজধানী ইসলামাবাদেও সকলকে করোনা-বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

কেবল পাকিস্তানই নয়, গোটা বিশ্বেই ক্রমে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। অবশ্যই নতুন ধরণের স্ট্রেনের কারণেই এই পরিস্থিতি। লকডাউনের পথে হাঁটতে চলেছে ইটালি। এদিকে জার্মানিতে শুরু হয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ। 

ইত্তেফাক/এএইচপি