বিনোদন ডেস্ক
পারফেকশনিস্ট শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুর্দান্ত এক পরিশ্রমী ও মিষ্টি হাসির আমির খানের মুখটি। ক্যারিয়ারের শুরু থেকে বলিউডে নিজের অবস্থান ধরে রেখেছেন তার অভিনয় মুন্সিয়ানায়। প্রতিটি চরিত্রের জন্য অক্লান্ত পরিশ্রম করে তাক লাগিয়ে দেন তার ভক্তদের। নানা ধরনের কাজ নিয়ে শিরোনামে আসা যেন তার নেশায় পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ক্যারিয়ারে প্রথম আইটেম গানে নেচে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। ‘হার ফান মওলা’ শিরোনামের এই গানটিতে আমিরের সঙ্গে নেচেছেন সুইডিস সুন্দরী ইলি আব্রাম। অল্প সময়ের মধ্যে ইউটিউবে গানটির ভিউ সাড়ে ৪ লাখ ছাড়িয়েছে। এই গানটির মাধ্যমে দীর্ঘদিন পর কোনো কোমর দোলালেন মিস্টার পারফেকশনিস্ট। ‘কই জানে না’ সিনেমার এই গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও জারা খান। অমিতাভ ভট্টাচার্যের কথায় গানটির সুর করেছেন তানিশক বাগচি। জানা গেছে, ছবিটি আমিরের বন্ধু পরিচালনা করলেও গানটির জন্য বেশ মোট অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথম আইটমে গানে কাজ করা প্রসঙ্গে আমির বলেন, ‘জীবনে সব ধরনের কাজের বৈচিত্র্য আমি নিতে চাই। আমি তো কখনো বলিনি আইটেম সং করবো না। নিজেকে নানারূপে তুলে ধরতে সবসময়ই ভালোই লাগে। করোনার দুঃসময়ে এটা আমার ভক্তদের জন্য বিশেষ উপহার বলতে পারেন।’ আমিরের সঙ্গে পারফর্ম করে বেশ উচ্ছ্বসিত ইলি আব্রাম। তিনি বলেন, ‘অন্যান্যদের মতো আমিও আমির খানের ভক্ত। আর তার সঙ্গে নাচতে পেরে বেশ উচ্ছ্বসিত আমি। আমিরের সাথে স্ক্রীন শেয়ার সম্মানের ব্যাপার। তার সঙ্গে কাজ করার স্বপ্ন সবারই থাকে। একটি স্বপ্ন পূরণ হলো।’
