পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৬

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সোমবার সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় দুপুরে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।  ভাণ্ডারিয়া-মঠবাড়ীয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ৪১ নম্বর বোর্ড সরকারি প্রাথমিক স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত মোটরসাইকেল চালক আবুজাফর মঠবাড়ীয়া উপজেলার তুষখালী গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং  পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে ভোর ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল নামের কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত চালক ঢাকা জেলার ডেমরা উপজেলার বামৈল গ্রামের মৃত ঈমান উদ্দিন মাতব্বরের ছেলে। মহিষভাঙা এলাকায় ঢাকা থেকে ঈশ্বরদীগামী কাভার্ড ভ্যানের সঙ্গে রাজশাহী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে চালকসহ চার জন আহত হন। তাদের বড়াইগ্রাম হাসপাতালে নিলে চিকিত্সক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে সকালে ট্যাংক লরি চাপায় নাভানা ফার্মার কর্মকর্তা আলআমিন মারা গেছেন। রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি গোবিন্দগঞ্জে এরিয়ায় নাভানা ফার্মার এম আই হিসিবে নিয়োজিত ছিলেন। মোটরসাইকেলে মহাসড়ক পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়েন আলআমিন। এ সময় রংপুরগামী একটি ট্যাংক লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান,  চালক পালিয়ে গেলেও ট্যাংক লরিটি জব্দ করা হয়েছে।