মির্জাপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ ২

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৬

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে জমিদার বাড়ির কাচারি বাড়িসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দগ্ধ হয়েছেন দুই ব্যক্তি। রবিবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী জানিয়েছেন, দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্যাংক লরি থেকে আগুন ধরে। ভয়াবহ আগুনে পপ রাজবংশী ও আনন্দ রাজবংশী দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকুল্যা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হবিবুর রহমান খান হবি জানিয়েছেন, আগুনে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাচারি বাড়ি, পাঁচ ব্যবসায়ীর গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয় লোক জনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।