গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাহাদুর নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়নে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নে বৈদ্যুতিক লাইনে আপগ্রেশনের কাজ চলছিল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাহাদুর লাইনে বিদ্যুত্ সংযোগ বন্ধ না করে ১১ হাজার ভোল্টেজের লাইনে কাজ করতে উঠে। এ সময় ফেজ তারের সংস্পর্শে এসে স্পৃষ্ট হয়ে মারা যায়। রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি ২-এর সহকারী জেনারেল ম্যানেজার প্রমোদ কুমার দে বলেন, ঠিকাদারের লোকজন আমাদের অবহিত না করে নিজেরাই লাইনে ওঠে কাজ করছিল। এ সময় ফেজ তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই ঐ শ্রমিক মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার।
