ঢাবিতে চাকরির প্রস্তুতি
আরফিন শরিয়ত
ক্যাম্পাস স্বাভাবিক থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিজ্ঞান গ্রন্থাগারে চাকরিপ্রার্থীরা ভিড় জমাতেন। করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ রয়েছে দীর্ঘদিন। কিন্তু চাকরির বাজার বন্ধ নেই অনির্দিষ্টকালের জন্য। সেজন্য প্রস্তুতি প্রয়োজন। চাকরি প্রস্তুতি নেবেন কোথায়, বন্ধ হল, হলের পাঠকক্ষ, গ্রন্থাগার এমনকি বিভাগের সেমিনার লাইব্রেরিও। প্রস্তুতি নিতে লাইব্রেরির বারান্দা ও খোলা মাঠ বেছে নিয়েছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকা ও বিজ্ঞান গ্রন্থগারের বারান্দায় চেয়ার-টেবিল পেতে পড়ছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান গ্রন্থাগার এলাকা ঘুরে দেখা যায়, গ্রন্থাগারের চারপাশে প্রশস্ত বারান্দায় টেবিল-চেয়ার নিয়ে বসে আছেন শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী বারান্দায় জায়গা না পেয়ে মাঠে পেতেছেন টেবিল-চেয়ার। তাদের কারো হাতে চাকরির প্রস্তুতির বই, এমপি থ্রি, জব সার্কুলার। শত লোকের মধ্যেও সুনসান নীরবতা।
কথা হয় প্রস্তুতিরত শিক্ষার্থী মুহিবুল হাসানের সঙ্গে। তিনি জানান, এখানে যারা প্রস্তুতি নিতে এসেছে তাদের সবাই ঢাকা শহরের ছোটখাটো মেসগুলোতে কোনো রকম ভাড়া দিয়ে থাকেন। স্থান সংকুলান না হওয়া ও পড়াশোনার পরিবেশ না থাকায় সেখানে দীর্ঘ সময় পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয় না। এসব কারণে আলাদা পড়াশোনার পরিবেশ পেতে লাইব্রেরিতে আসেন তারা।
গত বছরের আগস্ট থেকে এখানে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এমন কয়েক জন শিক্ষার্থী জানান, করোনার প্রকোপের মধ্যেই গত বছর আগস্ট থেকে তারা পড়াশোনা শুরু করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েক বার বাধা এসেছিল। কিন্তু শিক্ষার্থীদের বিরোধিতার মুখে পিছু হটে কর্তৃপক্ষ।
বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন না বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘করোনার কারণে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। কিন্তু এরই মধ্যে চাকরিপ্রার্থীদের প্রস্তুতি প্রয়োজন। সেখানে আমাদের শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় আছে, আমাদের কর্মকর্তা-কর্মচারীরা আছে। শিক্ষার্থীরা নিজেদের ও কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে নিজস্ব জায়গায় অবস্থান করবে বলে আমি বিশ্বাস করি।’
