ইত্তেফাক রিপোর্ট
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষ্যে গ্রন্থকেন্দ্রের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের বই প্রদর্শনী ও সাংস্কৃতিক উত্সব। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বিভিন্ন বই এবং বঙ্গবন্ধুর রচিত বই প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের সদস্যরা অংশ নেন সাংস্কৃতিক আয়োজনে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতীয় গ্রন্থকেন্দ্র এই পুস্তক প্রদর্শনী ও সাংস্কৃতিক উত্সবের আয়োজন করেছে। আয়োজনে সহযোগিতা করছে—ঢাকার বিভিন্ন অঞ্চলের বেসরকারি গ্রন্থাগারসমূহ। গতকাল সোমবার রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে ১০১ টা রঙিন বেলুন উড়িয়ে বই প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও গণগ্রন্থাগারের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর।
এর আগে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় এই আলোচনা অনুষ্ঠান। এতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে কবি নির্মলেন্দু গুণের লেখা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি আবৃত্তি করেন বাচিকশিল্পী রূপা চক্রবর্তী। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয়—সীমান্ত গ্রন্থাগার, শহীদ বাকী স্মৃতি পাঠাগার, দনিয়া কত্থক থিয়েটার ও মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা।
