স্পোর্টস রিপোর্টার
নেপালে তিন জাতির টুর্নামেন্টে লড়াই করার জন্য বাংলাদেশ ফুটবল দল গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। ইংলিশ কোচ জেমি ডে দারুণ ফুরফুরে মেজাজে রয়েছেন। অনেক দিন পর অনুশীলনে ফুটবল দল। আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু। ১৮ মার্চ নেপালে যাবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলবে এমন কথা কদিন আগে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছিলেন। কিন্তু চ্যাম্পিয়নই হতে হবে তা নয়। একটা টুর্নামেন্ট বাংলাদেশ কতটা ভালো খেলবে সেটাই হচ্ছে সবার লক্ষ্য। যেমনটি বলছিলেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। গতকাল প্রথম দিনের অনুশীলনে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে জেমি সাফ জানিয়ে দিয়েছেন তিনি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নয়। জেমি বললেন, ‘আমি চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ভাবছি না। দুশ্চিন্তা করছি না ম্যাচের রেজাল্ট কি হবে। সব কোচই ম্যাচ জিততে চায়। চ্যাম্পিয়ন হতে চায়। অবশ্যই কোচ হিসেবে আমিও তেমনটাই চাই। তবে আমার খেলোয়াড়রা কতটা ভালো খেলল তা নিয়েই আমি ভাবছি। খেলোয়াড়দের চাপ দিচ্ছি না।’
পাঁচ জন নতুন প্লেয়ার জাতীয় দলে নেওয়া হয়েছে। কোচ কি ভাবছেন এই পাঁচ জন নিয়ে। জেমি বললেন,‘জুনে খেলা আছে কাতারে। এখান থেকে চার জনকে পেলেও ভালো যারা কাতারে যেতে পারবেন। আর যদি না পাওয়া যায় তাহলেও কিছু করার নেই। কারণ তখন আমাকে সিনিয়রদের দিকে ঝুঁকতে হবে। যারা ইনজুরিতে আছে তারা নিশ্চয়ই রিকভারি করে আসবে।’
নেপালকে ঢাকায় এনে বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট আয়োজন করে দুই ম্যাচ সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই নেপালের দেশে গিয়ে নেপালের বিপক্ষে টুর্নামেন্ট খেলবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, এছাড়াও কিরগিজস্তানের একটি দলও আসবে এই টুর্নামেন্টে। তিন মাস পর আবার জাতীয় দলের অনুশীলন শুরু হলো কাল। আবার মুক্ত বাতাসে। এতদিন ক্লাব ফুটবলের খেলা নিয়ে ব্যস্ত ছিলেন খেলোয়াড়রা। এবার জাতীয় দলের জার্সি গায়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছেন সবাই।
১৯ মাস পর আবার জাতীয় দলে ফিরেছে মাসুক মিয়া জনি। অনেক দিন পর জাতীয় দলে ফেরায় বেশ উচ্ছসিত হলেও আবার মানিয়ে নেওয়ার একটা বিষয়ও কাজ করছে এখানে। নতুন খেলোয়াড়ও ঢুকেছেন দলে। জনি বললেন,‘এখানে যারা ডাক পেয়েছেন তারা সবাই আমাদেরই পরিচিত ফুটবলার। সবার পারফরম্যান্স দেখা আছে। তাদের সঙ্গে ভালো বুঝাপড়া আছে বলেই ভালো লাগছে। আমার মনে হয় না কোনো সমস্যা হবে।’
কোচের জয় পরাজয় নিয়ে ভাবছে না। এমন প্রশ্নে জনির জবাব,‘জয়-পরাজয় থাকবেই। আমরা টার্গেট করেছিলাম ভালো পারফরম্যান্স করতে। এটা এক ধরনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হয়ে যাবে। কারণ আমাদের সামনে কাতারে খেলা রয়েছে।’
