পেলেকে ছাড়িয়ে অনন্য উচ্চতায়
স্পোর্টস ডেস্ক
দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর তাকে ঘিরেই চলছিল সব ধরনের নিন্দা। জুভেন্তাসের বিদায়ের সিংহভাগ দায়ভার তো তাকে দেওয়া হচ্ছিলই, এক মহল থেকে বলা হচ্ছিল, সামনের গ্রীষ্মে তাকে পানির দামে ছেড়ে দিতে। নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিয়ে আরো একবার রাজকীয়ভাবে প্রত্যাবর্তন করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি আয় কালিয়ারির বিপক্ষে ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি পেলের স্বীকৃত গোলের সংখ্যাকেও।
পোর্তোর কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় রোনালদো লিখেছিলেন, ‘জীবনে কতবার মাটিতে পড়েছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কত দ্রুত ও দৃঢ়তার সঙ্গে আপনি উঠে দাঁড়িয়েছেন’। সেটা যে শুধু মুখের বুলি ছিল না, তা বুঝিয়ে দিলেন রবিবার। এই বার্তা দেওয়ার দুই দিনের মাথায় এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর খেলা প্রথম ম্যাচে এদিনে কালিয়ারির বিপক্ষে হেড, ডান পা ও বাম পা দিয়ে তিনটি গোল করে করলেন ‘নিখুঁত’ একটি হ্যাটট্রিক। সেখানেই শেষ না। ম্যাচের প্রথম গোলটি করেই যে এই পর্তুগিজ মহাতারকা ছাড়িয়ে গিয়েছিলেন পেলেকে। ব্রাজিলের হয়ে তিন তিনটি বিশ্বকাপ জেতা পেলের স্বীকৃত গোলের সংখ্যা ৭৬৭টি। হ্যাটট্রিক করে রোনালদো তার স্বীকৃত গোলের সংখ্যা নিয়ে গেছেন ৭৭০-এ। অর্থাত্ জোসেপ বিকান, যার মোট গোলসংখ্যা নিয়ে বেশ বিতর্ক রয়েছে, তাকে একপাশে সরিয়ে রাখলে রোনালদোই এখন পেশাদার ফুটবলে সর্বাধিক গোলের মালিক। (চেক ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি বিকান তার ক্যারিয়ারে মোট ৮২১টি গোল করেছেন)।
এই মাইলফলক ভাঙতে পেরে উচ্ছ্বসিত রোনালদো ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, ‘আজ পেশাদার ফুটবলে আমার ৭৭০তম স্বীকৃত গোলের দেখা পাওয়ার দিনে, প্রথমেই আমি পেলেকে স্মরণ করতে চাই। বিশ্বে এমন কোনো ফুটবলারের জন্ম হয়নি যে পেলের খেলা, গোল এবং অর্জনের কথা শুনে বড় হয়নি। আমিও তাদের মতোই একজন। সেজন্য পেলের রেকর্ডকে ভাঙার পথে যে গোলটি আমাকে বিশ্বের সব গোলদাতাদের মধ্যে সবার ওপরে নিয়ে গেছে, সেটিকে স্বীকৃতি দিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। মাদিইরার থেকে বেড়ে ওঠার সময় এই বালক কখনোই কল্পনা করেনি এই রেকর্ড ভাঙতে পারবে একদিন।’
রোনালদোকে পেলের অভিনন্দন
কালিয়ারির সঙ্গে হ্যাটট্রিক করে যাকে ছাড়িয়ে গেছেন, সেই পেলের কাছ থেকেও অভিনন্দন বার্তা পেয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কিংবদন্তি পেলে লিখেছেন, ‘জীবন একটি একক লড়াই। সবাই তাদের নিজস্ব যাত্রায় থাকে এবং কত সুন্দর একটি যাত্রাতেই না রয়েছ তুমি! আমি তোমার গুণমুগ্ধ। এ কথা কারোরই অজানা নয় যে, তোমার খেলা দেখতে ভালো লাগে আমার। অফিশিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন।’
রোনালদোর
৭৭০
n স্পোর্টিং লিসবন ৫
n ম্যানচেস্টার ইউনাইটেড ১১৮
n রিয়াল মাদ্রিদ ৪৫০
n জুভেন্তাস ৯৫
n পর্তুগাল ১০২
