বাংলাদেশ গেমস
স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের নারী বিভাগের খেলা এরই মধ্যে সমাপ্ত হয়েছে। সিলেটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ব্লু দল। ক্রিকেটের পুরুষ বিভাগের খেলাগুলো গেমসের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। তবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার কারণে তারকা ক্রিকেটারদের দেখা যাবে না গেমসের পদক জয়ের লড়াইয়ে।
বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে গতকাল জানা গেছে, পুরুষ বিভাগে চারটি দল লড়বে। ওয়ানডে ফরম্যাটে সাতটি ম্যাচ হবে বরিশালে। যেখানে চার দলের জন্য ডাক পাবেন ৬০ ক্রিকেটার। গেমস চলাকালীন সময়ে জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ব্যস্ত থাকবে আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিতে। এর বাইরে এইচপি ও অন্য ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগে ব্যস্ত থাকবেন। তাই বাংলাদেশ গেমসে খেলবে অনূর্ধ্ব-১৯, ১৮, ১৭ দলের ক্রিকেটাররা।
গতকাল গেম ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার এইএম কাওসার জানিয়েছেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মূল দলের বাইরে থাকা ক্রিকেটার, যারা যুব দলের ক্যাম্পে ডাক পেয়েও বাদ পড়েছিলেন এমন ক্রিকেটার, জাতীয় পর্যায়ে ভালো করা তথা বিসিবির নজরে থাকা অনূর্ধ্ব-১৮ বয়সের ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিবেন গেমসে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস চলবে আগামী ১ থেকে ১০ এপ্রিল। এ সময়ের মধ্যেই ক্রিকেটের পুরুষ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
