স্পোর্টস ডেস্ক
আইসিসি ওয়ানডে সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। গত জানুয়ারিতে বাংলাদেশের কাছে ৩-০ তে সিরিজ হেরেছিল অপেক্ষাকৃত খর্ব শক্তির ক্যারিবিয়ানরা। ঘরের মাঠে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের দ্বিতীয় সিরিজেই পয়েন্টের দেখা পেয়েছে উইন্ডিজরা। লঙ্কানদের বিরুদ্ধে তিন ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পেয়েছে দলটি। ৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে কাইরন পোলার্ডের দল।
অ্যান্টিগায় সিরিজের প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও লঙ্কানরা পেরে উঠেনি স্বাগতিকদের সঙ্গে। গত রোববার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতেই লঙ্কানদের ধবলধোলাই করার কাজটা সেরেছে পোলার্ড বাহিনী।
আগে ব্যাট করে ৬ উইকেটে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। যদিও ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল সফরকারীরা। ঐ অবস্থান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন বান্দারা ও হাসারাঙ্গা। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১২৩ রানের জুটি গড়েন তারা। ৬০ বলে অপরাজিত ৮০ রান (৭ চার, ৩ ছয়) করেন হাসারাঙ্গা। বান্দারা অপরাজিত ছিলেন ৫৫ রান করে। গুনাথিলাকা ৩৬, করুনারত্নে ৩১, নিশাঙ্কা ২৪, শানাকা ২২ রান করেন। ক্যারিবিয়ানদের পক্ষে আকিল হোসেন ৩টি উইকেট নেন।
ড্যারেন ব্র্যাভোর সেঞ্চুরিতে লঙ্কানদের চ্যালেঞ্জটা অনায়সে পাড়ি দিয়েছে উইন্ডিজরা। ৪৮.৩ ওভারে ৫ উইকেটে ২৭৬ রান তুলে ম্যাচ জিতে নেয় পোলার্ডের দল। শুরুতে ৩৯ রানে ২ উইকেট হারালেও শাই হোপ-ব্র্যাভোর ১০৯ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৪ রান করে হোপ ফিরলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন ব্র্যাভো। লাকমলের শিকার হওয়ার আগে ১০২ রান করেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
পরে অধিনায়ক পোলার্ড ও জ্যাসন হোল্ডার দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। পোলার্ড অপরাজিত ৫৩, হোল্ডার অপরাজিত ১৪ রান করেন। শ্রীলঙ্কার লাকমল ২টি উইকেট পান। সেঞ্চুরিয়ান ব্র্যাভো ম্যাচ সেরা ও হোপ সিরিজ সেরার পুরস্কার পান।
