কাদের মির্জাসহ ৯৭ জনের নামে মামলার আবেদন ফেরত

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:৪৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ ৯৭ জনের নামে মামলার আবেদন ফেরত দিয়েছেন আদালত। মামলাটি আমলে নেওয়ার এখতিয়ার না থাকার কথা উল্লেখ করে আদালত আবেদনটি ফেরত দিয়েছেন এবং বাদীকে আবেদনটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে দায়ের করার পরামর্শ দিয়েছেন।

গতকাল সোমবার বিকালে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজান বাদীর আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের স্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন বাদী হয়ে ঐ আদালতে মামলার আবেদন করেছিলেন।

গত ৮ মার্চ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে জিরো পয়েন্ট এলাকায় খিজির হায়াত খানের ওপর কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়। হামলায় আহত খিজির হায়াত বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।তিন জন গ্রেফতার :এদিকে, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট পৌরসভা এলাকা থেকে সোমবার দুপুরে নোয়াখালী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) তিন জনকে বসুরহাট বাজার থেকে গ্রেফতার করেছে। এরা আবদুল কাদের মির্জার অনুসারী। গ্রেফতারকৃতরা হলেন—সিরাজুল হক (৪৯), হুমায়ুন কবির মিন্টু (৩১) ও মো. পারভেজ (২৪)।  কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।