চাকরিপ্রার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানালেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ইত্তেফাককে বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো পর্যন্ত কমিশনের সিদ্ধান্তই অপরিবর্তিত আছে। পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের আটটি কেন্দ্রে এই পরীক্ষা হবে। প্রিলিমিনারিতে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে পরীক্ষা হবে ২ ঘণ্টা। প্রতি সঠিক উত্তরে ১ নম্বর, তবে ভুল উত্তর দিলে ০.০৫ নম্বর কাটা যাবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন শিক্ষার্থীরা।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করে পরীক্ষার্থীদের একাংশ।
