খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ল

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:৫১

ঢাকার নিজ বাসায় থেকে চিকিত্সাসেবা নিতে হবে—এমন শর্তে বিএনপির চেয়ারপারসন বেগম  খালেদা জিয়ার দণ্ড কার্যকারিতা স্থগিতের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। এ সময় খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, খালেদা জিয়ার সাজা আরো ছয় মাসের জন্য স্থগিত রাখার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। এ ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিত্সা নেবেন।                 ইমার্জেন্সি হলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চিকিত্সাসেবা নেবেন। কোনো হাসপাতালে যদি কোনো চেক-আপ করতে হয়, সেখানে তিনি যাবেন। আগের যে শর্ত ছিল, সে শর্তেই তার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। ‘আগেও চিকিত্সা নেওয়ার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ দণ্ডাদেশ স্থগিত করেছেন। সে অনুযায়ী বাসায় থেকে খালেদা জিয়া সব ধরনের চিকিত্সাসেবা নিতে পারবেন, কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন না। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে সময় বাড়ানোর জন্য আবার একটি আবেদন করেছেন। প্রধানমন্ত্রী সে আবেদনে সাড়া দিয়ে আরো ছয় মাস বাড়িয়েছেন, যা আগামী ২৫ মার্চ থেকে কার্যকর হবে।

শর্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এ শর্তে কোনো হাসপাতালের নাম উল্লেখ করা হয়নি। তিনি বাসায় অবস্থান করে যে কোনো চিকিত্সাসেবা নিতে পারবেন। যদি তার এক্সরে করার প্রয়োজন হয়, তখন তাকে হাসপাতালে গিয়ে এক্সরে করে আবার বাসায় ফিরতে হবে। বিদেশ থেকে কোনো চিকিত্সক আসতে পারবেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে আমাদের চিকিত্সকরা জানেন এবং অন্যরা জানেন এবং তিনি আবেদনও করেননি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে খালেদা জিয়া কারাগারে ছিলেন। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার এ সাজা স্থগিতের জন্য আবেদন করায় ২৫ মাস কারাভোগের পর করোনা মহামারি শুরুর পর খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে গত বছরের ২৫ মার্চ ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে সরকার। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়।