মেগান কর্তৃক রাজকর্মচারীদের হয়রানি

বাইরের ল ফার্ম দিয়ে তদন্ত করছে বাকিংহাম প্রাসাদ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:২৭

ব্রিটেনে রাজপরিবারের কর্মচারীদের হয়রানি করেছেন এমন অভিযোগে প্রিন্সেস মেগান মার্কেলের বিরুদ্ধে তদন্ত করছে বাকিংহাম প্রাসাদ। এজন্য বাইরের একটি ল ফার্মকে ভাড়া করা হয়েছে। সম্প্রতি সাবেক এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে টাইম ম্যাগাজিন। গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএেন প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রাজপ্রাসাদ তদন্তের সিদ্ধান্ত এমন সময় নিল যখন প্রিন্স হ্যারি এবং প্রিন্সেস মেগানের রাজপরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে সমালোচনার ঝড় বইছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া তাদের সাক্ষাত্কারে বিতর্কের মুখে পড়েছে বাকিংহাম। রাজপরিবারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, মেগানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তদন্ত হবে। ২০১৮ সালে তার সেবায় নিয়োজিত কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল মেগানের বিরুদ্ধে। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, ডিউক এবং ডাচেস অব সাসেক্সের কর্মচারীদের অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে আমরা জনসম্মুখে কিছু জানাব না। সিএনএন জানায়, বাইরে থেকে ল ফার্ম নিয়োগ দেওয়ার কথা জানা গেলেও এর নাম জানা যায়নি। হ্যারি এবং মেগান এ বিষয়ে গতকাল কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তাদের মুখপাত্র এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।