মশার লার্ভা পাওয়ায় তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএনসিসির মামলা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:২৮

বিমানবন্দর রেলস্টেশন, সিভিল অ্যাভিয়েশন এবং আশিয়ান সিটির ডোবায় মশার লার্ভা থাকায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা দায়ের করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসির অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এর আগে সকালে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বিমানবন্দর রেলস্টেশনের পেছনে, হজ ক্যাম্পসংলগ্ন এলাকা, আশিয়ান সিটি এলাকা এবং দক্ষিণখান বাজার এলাকায় চলমান সমন্বিত মশক নিধন অভিযান (ক্রাশ প্রোগ্রাম) পরিদর্শন করেন। সে সময় বিমানবন্দরের পেছনে রেলওয়ের একটি খালে ময়লা-আবর্জনা, নোংরা ও বদ্ধ পানি এবং সেখানে অসংখ্য মশার লার্ভা দেখতে পেয়ে মেয়র ক্ষোভ প্রকাশ করেন। পাশেই তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) একটি জায়গায় বিপুল পরিমাণ কচুরিপানা, আবর্জনার স্তূপ, বদ্ধ পানি, মশার অসংখ্য লার্ভা দেখতে পান। এরপর তিনি হজ ক্যাম্পের পাশে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা একটি বিশাল জলাশয়েও একই দৃশ্য দেখতে পান। হজ ক্যাম্পের বিপরীত দিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা একটি স্থানেও বিপুল পরিমাণ পলিথিন, আবর্জনা, জঙ্গল, জঞ্জাল দেখার পর মেয়র সিভিল অ্যাভিয়েশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারপর আতিকুল ইসলাম হাজি ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে হেঁটে আশিয়ান সিটি পরিদর্শন করেন। সেখানেও বিপুল পরিমাণ কচুরিপানা, বদ্ধ পানি, আবর্জনা ইত্যাদি দেখতে পান। এসব দেখার পরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মেয়রের পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আকবর, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।