পুরুলিয়ায় হুইল চেয়ারে বসে প্রচার চালালেন মমতা ব্যানার্জি

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:২৭

হুইল চেয়ারে বসে প্রচার শুরু করলেন মমতা ব্যানার্জি। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় প্রচারণার সময় তিনি বলেন, ‘?কেউ কেউ হয়তো ভেবেছিল আমি আর ভাঙা পা নিয়ে বের হতে পারব না। কিন্তু নির্বাচনের সময় আমি মনে করি আমার শরীরে যন্ত্রণার থেকেও সাধারণ মানুষের যন্ত্রণা অনেক বেশি। তাদের ভালো থাকতে হবে। তাদের সুস্থ থাকতে হবে, বাংলায় শান্তি রক্ষা করতে হবে।’

রবিবার হেলিকপ্টারে করে সেখানে গিয়েছিলেন। মঞ্চে ওঠেন হুইল চেয়ারে করে। মমতা বলেন, ‘মানুষ বিনে পয়সায় চাল পাচ্ছেন। আর তা রান্না করতে ৮০০ টাকার গ্যাস লাগছে। বিজেপি ভারতের সব বিক্রি করে দিচ্ছে। বিজেপিকে একটাও ভোট দেবেন না। জাতীয় কংগ্রেস বিজেপির দালাল। ওদেরকেও একটা ভোট দেবেন না।’

এদিকে, পশ্চিমবঙ্গে প্রার্থী নিয়ে তুমুল বিক্ষোভে নাজেহাল বিজেপি। কলকাতার পাশাপাশি বিদ্রোহ ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ঘোষিত বহু প্রার্থীকেই মানতে নারাজ স্থানীয় বিজেপি কর্মী, সমর্থকরা। প্রতিবাদে পথে টায়ার জ্বালিয়ে, রেল লাইনে গলা দিয়ে, পার্টি অফিস ভাঙচুর করে দিনভর চলে ক্ষোভ প্রকাশ। কোথাও আবার পার্টি অফিসে তালা মেরে দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপির সদর কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপি নেতা শিবপ্রকাশ, মুকুল রায়কে।

সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হতে পারে অমিত শাহকে। সোমবারই তিনি পশ্চিমবঙ্গের কয়েক জায়গায় প্রচার চালিয়ে আসামে গেছেন। জানা গেছে, সময় পেলে তিনি দিল্লি ফেরার পথে ফের এক দফা কলকাতায় আসতে পারেন। দুই এক দিনের মধ্যে বাকি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। সেই দফায় যাতে বিদ্রোহ না দেখা দেয়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, প্রার্থী হতে না পেরে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন অভিনেত্রী এমএলএ দেবশ্রী রায়। তিনি বলেছেন, কেউ সম্মান দিয়ে ডাকলে যাব। তৃণমূলে কাজ করে সম্মান পাইনি।