আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি আরাম আয়েশ আর লুটপাটের রাজনীতি করে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা কৃষকের আকুতি কানে নেয়নি। কৃষক সারের ন্যায্য মূল্য দাবি করায় তাদেরকে গুলি করে হত্যা করেছিল বিএনপি নেতারা।
গতকাল সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষকলীগ আয়োজিত কৃষক হত্যা দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সেই দেশকে কোথায় পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেইদিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে তাই আমি বলব, বঙ্গবন্ধু আপনি দেখে যান আজ বাংলার মানুষ পেটভরে ভাত খায়, বাংলাদেশ বিশ্ববাসীর কাছে প্রশংসা পায়।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এই দেশের যত কলঙ্কজনক ঘটনা আছে তার সবই ঘটিয়েছে বিএনপি।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার বক্তৃতায় বলেন, শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের এক ইঞ্চি জমি খালি রাখা যাবে না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন বলেন, বিএনপির আমলে কৃষকের কোনো দাবি পূরণ করতে পারেনি কিন্তু তারা কৃষককে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
