গুরুত্বপূর্ণ সময় পার করেছে বাংলাদেশ ------------স্পিকার

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:৩১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি। গতকাল সোমবার সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তিনি সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে স্পিকার বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। বঙ্গবন্ধুর কৌশলী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কাতারের রাষ্ট্রদূত বলেছেন, বঙ্গবন্ধুর মতো নেতা পাওয়া বাংলাদেশের জন্য গৌরবের। বঙ্গবন্ধু বিশ্ববরেণ্য নেতাদের মধ্যে অন্যতম স্থান দখল করে আছেন।

কাতারের রাষ্ট্রদূতের সাক্ষাত্কালে শিরীন শারমিন বলেন, কাতার বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে দুই দেশ দীর্ঘদিন সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারা দুই দেশের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি এবং টিকা গ্রহণ নিয়েও আলোচনা করেন। এ সময় স্পিকার বলেন, বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি  মোকাবিলা করে চলেছে এবং সরকার ধাপে-ধাপে সব জনগণের জন্য টিকা সরবরাহ নিশ্চিত করার  চেষ্টা চালাচ্ছে। এ সময় রাষ্ট্রদূত স্পিকারকে মজলিস আস-শুরার শুভেচ্ছা পৌঁছে দেন।