রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চান ফখরুল

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:৩১

আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ঢাকায় রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। তিনি বলেন, সরকারি প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রামের কোনো বিরোধ নেই। তারা তাদের অনুষ্ঠান করবে, আমরা আমাদের অনুষ্ঠান করব। এই নির্দেশনা প্রত্যাহার করে আমাদের রাজনৈতিক দল ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এই সুর্বণজয়ন্তী পালনের জন্য সব রকমের অনুষ্ঠানে যেন বাধা সৃষ্টি করা না হয় সেই অনুরোধ আমরা জানাচ্ছি।