অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে গুণীজন সম্মাননায় ভূষিত করেছে বাংলাদেশ প্রতিদিন। সম্মাননা প্রাপ্তির পর গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ড. আতিউর এমন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই সম্মাননা প্রাপ্তি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে বলে জানালেন তিনি।
ড. আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের প্রায় সব সূচকেই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ নানা বিচারেই বিশ্বের বিস্ময়।’ অগ্রযাত্রার এই গতিময় ধারা অব্যাহত থাকুক—এই কামনা করে ড. আতিউর বাঙালির অদম্য সংগ্রামী ও সৃজনশীল মননের প্রশংসা করেন। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য ড. মীর্জা আব্দুল আজিজ এবং সদ্যপ্রয়াত খোন্দকার ইব্রাহিম খালেদকে (মরণোত্তর) সম্মাননা জানানো হয়। বাংলাদেশের শিল্প, সাহিত্য, চিকিত্সা ও সংস্কৃতির নানা ক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সাহিত্যিক সেলিনা হোসেন, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ বিশিষ্ট গুণীজনকে সম্মাননা জানানো হয়।
