কর্মী ছাঁটাই নিয়ে দৈনিক জনকণ্ঠে অচলাবস্থা বিরাজ করছে। বিপুলসংখ্যক কর্মী গতকাল সকাল থেকেই ইস্কাটনে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান নেন। তাদের সঙ্গে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাও যোগ দিয়েছেন। উদ্বুদ্ধ পরিস্থিতিতে জনকণ্ঠের প্রথম সংস্করণ ছাপা হয়নি। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবনের বাইরে বিপুলসংখ্যক কর্মী অবস্থান নিয়ে বসে ছিলেন।
জনকণ্ঠের একজন সিনিয়র সাংবাদিক ইত্তেফাককে বলেন, সকালেই তাদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে ৪০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের অধিকাংশই রিপোর্টিং ও সম্পাদনার সঙ্গে যুক্ত। তবে রাতে জনকণ্ঠের অনলাইনে কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছে। সেখানে তারা বলেছে, ২৬ জনকে সকল প্রকার পাওনা পরিশোধ করে অব্যাহতি দেওয়া হয়েছে। ঐ সাংবাদিক বলেন, কর্মীদের একটি অংশ ভেতরে রয়েছেন। তারা পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখতে ভেতরে কাজও করেছেন। কিন্তু প্রধান গেট বন্ধ থাকায় প্রথম সংস্ককরণ ছাপা হয়নি। ভেতরে আটকা পড়া কর্মীদের কেউ বের হতে পারছেন না। আবার অনেকে ভেতরে ঢুকতে চাইলেও তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
