পাকিস্তানি বংশোদ্ভুত প্রথম অভিনেতা হিসেবে অস্কারে মনোনীত হলেন রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল)। সেরা অভিনেতা শাখায় মনোনয়নপ্রাপ্ত প্রথম মুসলিম অভিনেতাও তিনিই। শ্রবণশক্তি হারিয়ে ফেলা একজন হার্ডরক ড্রামারের চরিত্রে মন কেড়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রিটিশ তারকা।
সোমবার (১৫ মার্চ) রাত ৮টায় টুইটারে রিজ আহমেদ লিখেছেন, “ওয়াও! মনোনীত অন্য অভিনেতাদের পাশাপাশি মনোনীত হওয়ায় আমি গর্বিত। তারা অসাধারণ অনুপ্রেরণাদায়ক কাজ করেছেন। আর আমার প্রতি সমর্থন ও উৎসাহদানের জন্য অ্যাকাডেমির কাছে আমি কৃতজ্ঞ। আমার নিজের পাশাপাশি ‘সাউন্ড অব মেটাল’ ছবির পরিচালক ডারিয়াস মারডার এবং মেধাবী পল রাসির জন্য আমি সমান উচ্ছ্বসিত।”
Wow! I'm honoured to be nominated by my fellow actors alongside such inspiring performances, and am grateful to the Academy for their support and encouragement. I’m equally thrilled for our visionary writer-director Darius Marder and the brilliant Paul Raci... pic.twitter.com/Z6ScOq08tf
— Riz Ahmed (@rizwanahmed) March 15, 2021
আমাজন স্টুডিওসের প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত ‘সাউন্ড অব মেটাল’ সেরা চলচ্চিত্রসহ অস্কারের মোট ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। বাকিগুলো হলো পার্শ্ব-অভিনেতা (পল রাসি), মৌলিক চিত্রনাট্য, সম্পাদনা, শব্দ।
পুরো নাম রিজওয়ান আহমেদ। ১৯৮২ সালের ১ ডিসেম্বর জন্ম। দুটি করে গোল্ডেন গ্লোবস, এমি অ্যাওয়ার্ডস ও স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়েছেন। ‘নাইটক্রলার’ (২০১৪) ছবিটির সুবাদে হলিউডে আলাদা অবস্থান গড়ে নিয়েছেন। তার উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘রোগ ওয়ান: অ্যা স্টার ওয়ারস স্টোরি’ (২০১৬), ‘ভেনম’ (২০১৮)।
‘দ্য নাইট অব’-এর সুবাদে ২০১৭ সালে এমি অ্যাওয়ার্ডে আউটস্ট্যান্ডিং অভিনেতা (লিমিটেড সিরিজ/মুভি) পুরস্কার জেতেন রিজ আহমেদ। এটাই ছিল অভিনয়ের জন্য এশীয় কোনো পুরুষ অভিনেতার প্রথম এমি জয়। এছাড়া প্রথম মুসলিম হিসেবে এমির সামনের সারির পুরস্কার এটাই।
র্যাপ মিউজিকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ও সিরীয় শিশুদের জন্য তহবিল সংগ্রহ করেছেন রিজ আহমেদ। ২০১৭ সালে টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় স্থান করে নেন রিজ।
ইত্তেফাক/এসজেড
