নারীদের তথ্য প্রযুক্তিতে অধিকতর যোগ্য করে তুলতে হবে: রাশেদ খান মেনন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩৯

নারীদের তথ্য প্রযুক্তিতে অধিকতর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।

তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির এ যুগে বাংলাদেশের মেয়েদের আরও অধিক পরিমাণে যোগ্য ও উপযুক্ত হয়ে উঠতে হবে। বাংলাদেশে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়েছে মূলত শিক্ষা ক্ষেত্রে। তবে এখনও পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নারী অধঃস্তন অবস্থানে রয়েছে এবং নিগৃহীত হচ্ছেন। এর থেকে বের করে আনতে হলে সমাজের ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ জরুরি’।

আজ শনিবার সকালে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মেনন বলেন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গত ১০ বছরে উৎকর্ষতার শীর্ষে উন্নীত হয়েছে। বিশেষ করে প্রধান শিক্ষিকা নাজমুন নাহার শাহিন তিনি এ বিষয়ে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। এ জন্য তিনি তাকে অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও পড়ুন: ‘সু-শিক্ষাই পারে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে’

অনুষ্ঠানে মেয়েরা ডিসপ্লে-তে অংশ নেয় এবং গার্লস স্কাউট, গালর্স গাইড ক্যাডেটরা কুচকাওয়াজ প্রদর্শন করে। স্কুলের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম এবং ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর।বাসস।

ইত্তেফাক/এমআই