বিয়ানীবাজারে কিশোরীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৪

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

বিয়ানীবাজারের পল্লিতে মঙ্গলবার সকালে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নাজমিন আক্তার (১৮)। উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আবুল কালাম খান শেখ জানান, নাজমিন আক্তারকে শিশুকালে এনে লালনপালন করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামসুল হক চৌধুরী কস্তই মিয়া। অভিযুক্ত নাজিম উদ্দিনের পক্ষ থেকে হয়তো একতরফা ঐ মেয়েকে প্রেম নিবেদন করা হতে পারে। তা প্রত্যাখ্যান হওয়ায় ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।