মেঘনায় অভয়াশ্রম রক্ষা অভিযান
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে নৌ-পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। নিহত জেলে মাসুদ মিয়া (২২) মুন্সীগঞ্জের কালীরচর এলাকার বাসিন্দা। সোমবার মধ্যরাতে উপজেলার মোহনপুর এলাকার মেঘনা নদীতে সংঘর্ষের ঘটনা ঘটে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হোসেন সরকার জানান, মধ্যরাতে মেঘনা নদীতে জাটকা ধরার কারণে একদল জেলেকে আটকের চেষ্টা করে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির টহল দল। এ সময় জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লাঠি ও ইট নিয়ে হামলা চালায়। পুলিশ শর্ট গানের এক রাউন্ড গুলি ছুড়লে জেলে মাসুদের বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ভোর সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশিষ দাশ বলেন, দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় অবৈধভাবে মাছ ধরতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখা হবে।
