সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৫

 

মহেশপুরে পাঁচটি সোনার বারসহ আটক ১

ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর (সংবাদদাতা) মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে মঙ্গলবার দুপুরে পাঁচটি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ সময় আব্দুল মান্নান নামে এক জনকে আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে নগদ ৩৪ হাজার ২৯৮ টাকাও জব্দ করা হয়। সে শ্যামকুড় গ্রামের ইউসুফ মণ্ডলের ছেলে। বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, জব্দকৃত সোনা ও চোরাচালানিকে মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে। 

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীকে আটক করেছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার ভোরে নগরীর বর্ণালীর মোড়ের পেছনের চৈত্রির মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ জিহাদি বইপত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুছ। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মতলবে নিখোঁজ মেয়েকে খুঁজছেন মা

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা মতলব উত্তর উপজেলার শিকারিকান্দিতে কিশোরী সুমাইয়া আক্তার ফারজানাকে (১৪) হারিয়ে তার মা দিশেহারা হয়ে পড়েছেন। তিনি প্রতিদিনই বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন মেয়ের খোঁজে। গত ১১ মার্চ সকালে শিকারিকান্দি গ্রামের মৃত ইয়াসিন সরকারের মেয়ে ফারজানা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখ্ুজি করেও না পেয়ে পরদিন তার মা হোসনে আরা বেগম মতলব উত্তর থানায় সাধারণ ডায়ারি করেছেন। মতলব উত্তর থানার ওসি শাজাহান কামাল জানান, এ ঘটনায় থানায় ডায়ারি করা হয়েছে। পুলিশের সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঐ কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে।

কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উত্তরণ আইডিআরটিতে মঙ্গলবার কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা অ্যাডভোকেট কামরুজ্জামান, মো. রুহুল আমিন, আলাউদ্দীন জোয়ার্দারসহ অনেকে।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালনে উন্নয়নশীল বাংলাদেশ উদ্যাপন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

মাস্ক না পরায় চার জনকে জরিমানা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা করোনা পরিস্থিতিতে মাস্ক না পরায় ইসলামপুর বটতলা চত্বরে তিন পথচারী ও এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাংস ব্যবসায়ী মহিজল, পথচারী জয়নাল, শাহীন ওসমান ও উত্স হাবিবুর রহমানকে জরিমানা করা হয়।