বাংলাদেশে তৈরি ইলেকট্রনিকস ও প্রযুক্তি পণ্যের গবেষণা, উন্নয়নে বুয়েটের সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বুয়েট ভিসি ড. সত্য প্রসাদ মজুমদার। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের সঙ্গে বুয়েট যৌথভাবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তিগত উত্কর্ষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। চতুর্থ শিল্প বিপ্লবে উভয় প্রতিষ্ঠান অবদান রাখতে সক্ষম হবে। সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার এসব কথা বলেন। কারখানা পরিদর্শনকালে বুয়েট ভিসির সঙ্গী ছিলেন আরো ১০ জন বিশিষ্ট শিক্ষক। উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।
উল্লেখ্য, এর আগে রিসার্চ ও ডেভেলপমেন্ট (গবেষণা ও উন্নয়ন) নিয়ে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে দেশের চারটি প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। —প্রেস বিজ্ঞপ্তি
