নৌপথে প্রাণ পণ্য নিয়ে প্রথম চালান গেল ভারতে

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৬

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নৌ-প্রটোকল চুক্তির আওতায় প্রাণ পণ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান পাঠানো হয়েছে। মঙ্গলবার নরসিংদীর পলাশে     প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নৌপথে খাদ্যপণ্য রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্য পাঠানো উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। নৌপথে খাদ্যপণ্যের প্রথম  চালান হিসেবে শুরুতে প্রাণ গ্রুপের ৪০ হাজার কার্টন লিচি ড্রিংক প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে ১৬ মার্চ রওনা হয়ে নারায়ণগঞ্জ থেকে খুলনার শেখবাড়িয়া হয়ে কলকাতা বন্দরের টিটি শেডে   গিয়ে পৌঁছাবে। অনুষ্ঠানে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নরসিংদী-২ এর সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দীন, নৌ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর, প্রাণ-আরএফএল গ্রুপের    চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি