বিজিএমইএ নির্বাচন
ইত্তেফাক রিপোর্ট
বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভাবমূর্তি বাড়াতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল প্রধান ফারুক হাসান। প্রযুক্তি ও কৃত্রিম তন্তুর ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়াতেও কাজ করবেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদের ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন। এ সময় করোনা মোকাবিলা ও শিল্প পুনরুদ্ধার, ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন, ব্যবসা থেকে প্রস্থান নীতিমালা, বিজিএমইএকে গতিশীল করা, বৈদেশিক ও আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা, নতুন বাজার সম্প্রসারণ, শুল্ক নীতিমালার সংস্কার বিষয়ে ৪০টি অগ্রাধিকার কাজের তালিকা তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান পরিচালনা কমিটির ভালো কাজগুলোও অব্যাহত রাখার ঘোষণা দেন। এ সময় সম্মিলিত পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সফিউল ইসলাম মহিউদ্দিন, সিদ্দিকুর রহমান ও সাবেক সহসভাপতি মোহাম্মদ নাছির বক্তব্য দেন।
প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩৫ পরিচালক পদের বিপরীতে সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল থেকে ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফোরাম থেকে নেতৃত্ব দিচ্ছেন হান্নান গ্রুপের চেয়ারম্যান এবিএম শামছুদ্দিন।
