নেপালে মানিয়ে নিতে সমস্যা হবে না

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৪

নেপালের তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণার দিনেও মনটা ভালো ছিল না জাতীয় দলের ইংলিশ কোচ ডের। আফগানিস্তান না আসায় মনটা ভালো নেই। নিজ ভেন্যুর সুবিধা নিতে পারল না বাংলাদেশ। জেমি মনে করছেন হোম ম্যাচ হলে পয়েন্ট পাওয়ার সুযোগ থাকত। এখন কঠিন হয়ে গেল।

জেমি কাতারের ম্যাচগুলো নিয়ে ‘কঠিন’ শব্দটি ব্যবহার করছেন। আর নেপালের টুর্নামেন্টে বাংলাদেশ দলটা নিজেদের যাচাই বাছাই করে নেবেন এমন ছক তৈরি করেছেন জেমি। টার্গেট কাতারে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ। আর এখন খেলোয়াড়দের ঝালাই করে নেয়া। তাই হয়ত মঙ্গলবার জাতীয় দল ঘোষণা এবং দল নিয়ে প্রস্তুতির দিনে সেই একই কথা বললেন, ‘টুর্নামেন্ট জিততে পারলে খুবই ভালো। খেলোয়াড়দের জন্য ইতিবাচক হবে। না জিততে পারলে কোনো ক্ষতি নেই। কারণ আমার সব ফোকাস জুনে বিশ্বকাপ বাছাইপর্বের তিন ম্যাচ ঘিরে। এই টুর্নামেন্টটি আমার কাছে বাছাইয়ের প্রস্তুতি।’ 

নেপালের মাঠ সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ৪ হাজার ফুটবল উচ্চতায়। এই উচ্চতার কারণে সেখানে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা মানিয়ে নিতে পারেন না। কষ্ট হয়। কয়েক দিন লাগে মানিয়ে নিতে। বাংলাদেশ দুই ম্যাচ খেলবে। মানিয়ে নেয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যায় কিনা। এমন কথা উড়িয়ে দিয়েছেন জেমি। উদাহরণ টেনে বললেন, ‘এসএ গেমসে যখন খেলতে গিয়েছিলাম তখন ডিসেম্বরে খুব শীত ছিল। এখন সেটা থাকবে না। আর সমুদ্রপৃষ্ঠ হতে উচ্চতার কথা যেটি বলা হচ্ছে নেপালে সেটি মানিয়ে নিতে সমস্যা হবে না।’ 

জেমি আরো কয়েক দিন আগে জাতীয় দল ঘোষণা করেন। সেখানে যে দলটি ঘোষণা করেছিলেন সেই দলই রেখেছেন আর মুল দলে জায়গা দিয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের ষ্ট্যান্ডবাই তালিকায় থাকা পুলিশের স্ট্রাইকার জুয়েলকে। এই  ফরোয়ার্ডকে নেয়ার কারণ বলতে গিয়ে জেমি বলেন, ‘অন্যান্য পজিশনে একাধিক ফুটবলার রয়েছেন। তাই ফরোয়ার্ড পজিশনে একজন বেশি নিয়ে যাচ্ছি।’ মূলত চোটের কারণে নাবীব নেওয়াজ জীবন না থাকাতেই জুয়েলকে নিয়েছেন তিনি। 

জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া এখনও ঢাকায় ফেরেননি। তিনি ভারতে মোহামেডানের জার্সি গায়ে আই লিগ খেলছেন। এরই মধ্যে বিদায় নিয়েছেন সেখান থেকে। হয়ত বৃহস্পতিবার এসে যাবেন। তবে ঢাকায় ফিরলেও তিনি নেপালে এখনই যাচ্ছেন না। তাঁর গ্রামের বাড়ি যাবেন। ঘুরে এসে নেপালে যাবেন জামাল। ২২ মার্চ যাওয়ার কথা রয়েছে। তবে কোচ আশা করছেন ২২ মার্চ নেপালে গেলে ২৩ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে পারবেন তিনি। 

নেপালের টুর্নামেন্টের সূচি
২৩ মার্চ    বাংলাদেশ-কিরগিজস্তান অলিম্পিক দল
২৫ মার্চ    নেপাল-কিরগিজস্তান দল
২৭ মার্চ     বাংলাদেশ-নেপাল
২৯ মার্চ    ফাইনাল

ইত্তেফাক/এসআই