মুন্সীগঞ্জ প্রতিনিধি
সদর উপজেলায় পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার প্রায় ৮৮ মণ জাটকা জব্দ করেছেন নৌ-পুলিশের সদস্যরা। এ সময় তিন জনকে আটক করে জরিমানা করা হয়েছে। মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, মুন্সীগঞ্জের বাংলাবাজার থেকে ছেড়ে আসা যাত্রাবাড়ীগামী একটি পিকআপভ্যান মুক্তারপুর সেতুর টোল প্লাজায় এসে পৌঁছলে তল্লাশি চালানো হয়। এ সময় ৯টি ড্রামের ভেতর থেকে প্রায় ৪৮ মণ জাটকা জব্দ ও চালকসহ দুই জনকে আটক করা হয়। এর দুই ঘণ্টা পর মুক্তারপুর সেতুর কাছে ধলেশ্বরী নদীতে চাঁদপুর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বিভিন্ন মাছ বহনকারী একটি ট্রলারে অভিযান চালানো হয়। সেখানেও ৪০ মণের বেশি জাটকা পাওয়া যায়।
