ঠিক এক বছর আগে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে প্রকাশিত গল্প-নির্ভর এই ভিডিও ইউটিউব ভিউ হয়েছে ২ কোটি ২০ লাখেরও বেশি!
গানটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন সাফা কবির, ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আর প্রকাশ পেয়েছিল ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে। গত বছরের হিট গানের তালিকায় গানটির অবস্থানে শুরুর দিকে রয়েছে গানটি।
মজার তথ্য হলো, ঠিক একই টিম নিয়ে আবারো নির্মিত হলো নতুন আরেকটি মিউজিক্যাল প্রজেক্ট। এটির নাম, ‘আমার কাছে তুমি অন্যরকম’। প্রকাশ পাচ্ছে চলতি বছর ঠিক একই তারিখে, ৫ ফেব্রুয়ারি! অর্থাৎ এই টিমের তৈরি প্রথম গানের জন্মদিনে প্রকাশ পাচ্ছে আরেকটি গানচিত্র। যেমনটা এর আগে এই দেশে ঘটেনি বলেই অভিমত ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
আরো পড়ুন: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফটোগ্রাফারের হাতে খুন মডেল মানসী
এরমধ্যে গানের রেকর্ডিং আর শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। মিউজিক ভিডিওটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এমনিতেই আমরা কাজ কম করি কিন্তু মানের বিষয়ে বরাবরই সচেতন থাকি। আমরা চাইলে একই সেটআপে দ্রুত সময়ে এমন আরো কিছু গান উপহার দিতে পারতাম। কিন্তু সেটা করিনি। বরং পুরো টিমের সঙ্গে প্ল্যান করেছি। প্রায় সাত মাস সময় নিয়ে একটাই প্রজেক্ট শেষ করেছি। চেয়েছি ঠিক এক বছরের মাথায় একই টিমের মাধ্যমে আরেকটি অসাধারণ কাজ শ্রোতা-দর্শকদের উপহার দিতে। আশা করছি এবারো ভালো কিছুই অপেক্ষা করছে সবার জন্য।’

ইমরান বলেন, ‘আমার গান নিয়মিত প্রকাশ পাচ্ছে। তবে আমার আর সিএমভির কাজের বিষয়টা বরাবরই একটু আলাদা। মানে আমরা দুই পক্ষ এক হয়ে খুব কম কাজ করেছি। অথচ যে কয়টা করেছি তার সবগুলোই সফল। আমাদের শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। এটা আমার ক্যারিয়ারের অন্যতম হিট অডিও এবং ভিডিও কাজ। অথচ মাঝে আমি সিএমভির ব্যানারে আর কোনো কাজ করিনি। এই এক বছরে একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছি এবারো। মুক্তিও পাচ্ছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারো সবাই মুগ্ধ হবেন।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, এবারের গানটিও বেশ রোমান্টিক। ভিডিওতেও থাকছে প্রেমময় গল্পের ছাপ। থাকছে বিশেষ কিছু চমক। কারণ, এবারো গানটি প্রকাশ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে।
ভিডিওতে একই টিমের প্রথম গান ‘এমন একটা তুমি চাই’
ইত্তেফাক/বিএএফ
