স্পোর্টস রিপোর্টার
বছরের শুরুতেই সন্তানসম্ভবা স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সাকিব আল হাসান। তারপর থেকে তৃতীয় সন্তানের অপেক্ষায় দিন কেটেছে সাকিব-শিশির দম্পতির। এজন্য বাংলাদেশ দলের হয়ে নিউজিল্যান্ড সফরে খেলছেন না বাঁহাতি এ অলরাউন্ডার। ১৫ মার্চ যুক্তরাষ্ট্র সময় সকালে পৃথিবীর আলোয় এসেছে এ দম্পতির তৃতীয় সন্তান। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব।
গতকাল সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। এখন উইসকনসিনের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই আছেন তিনি। নবজাতক ও সাকিবের স্ত্রী এখন সুস্থ আছেন। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তৃতীয় সন্তান জন্মের সুখবর জানাতে গিয়ে গতকাল সাকিব লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আল আমিনের অশেষ রহমতে সোমবার ১৫ মার্চ, ২০২১ এর মাহেন্দ্রক্ষণে আমরা ছোট্ট, সুন্দর এক পুত্রসন্তান লাভ করেছি। আলাইনা আর ইরাম দারুণ আনন্দিত ছোট্ট একটা ভাই পেয়ে। শিশির এবং আমাদের সন্তান দুই জনই ভালো আছে। আপনাদের সবাইকে দোয়া ও শুভ কামনার জন্য ধন্যবাদ। আমাদের সবাইকে আপনাদের প্রার্থনায় রাখুন অবিরত। ভালোবাসি আপনাদের। সাকিব।’
২০১২ সালে বিয়ে হয়েছিল সাকিব-শিশিরের। ২০১৫ সালের নভেম্বরে বড় কন্যা আলাইনার জন্ম। গত বছর ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার বাবা হন সাকিব। তার নাম ইরাম হাসান। এবার ছেলের বাবা হলেন তিনি। নিউজিল্যান্ডের পর এপ্রিলে শ্রীলঙ্কা সফরেও বাংলাদেশ দলের হয়ে খেলবেন না সাকিব। টাইগারদের লঙ্কা সফরের সময় আইপিএলে কেকেআরের হয়ে খেলতে ছুটি নিয়েছেন এ বাঁহাতি অলরাউন্ডার।
