জয়ে সিরিজ শেষ করল ইমার্জিং দল

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৫৭

আজ ফিরছে আইরিশরা

স্পোর্টস রিপোর্টার

সফরের শুরুতে করোনা আতঙ্ক তাড়িয়ে বেড়িয়েছে আয়ারল্যান্ড উলভসকে। সেই আতঙ্ক কাটলেও বাংলাদেশ সফরে মাঠের ক্রিকেটে স্বস্তি পায়নি আইরিশরা। তিন ফরম্যাটে বাংলাদেশ ইমার্জিং দলের কাছে ছয় ম্যাচ হেরেছে সফরকারীরা। সব ম্যাচে হেরে আজ দেশে ফিরে যাচ্ছে আয়ারল্যান্ড উলভস। আজ সকাল ৬টা ৫৫ মিনিটে বাংলাদেশ ছাড়বে হ্যারি টেক্টরের দল।

চট্টগ্রামে সিরিজের একমাত্র চার দিনের ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল আইরিশরা। পরে ওয়ানডেতেও টানা চার ম্যাচ হেরেছে তারা। গতকাল সফরের শেষান্তে একমাত্র টি-২০ ম্যাচেও পরাজয়ের বৃত্ত ভাঙতে পারেনি দলটি। মিরপুর স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তিন ফরম্যাটেই সিরিজ জিতেছে সাইফ হাসানের দল। গতকাল আগে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রান তুলেছিল ইমার্জিং দল। শুরুতে আনিসুল ইমন (০), মাহমুদুল হাসান জয় (৮) দ্রুত ফিরলেও অধিনায়ক সাইফ হাসান, ইয়াসির আলী দলকে এগিয়ে নেন। ইয়াসির ২২ রান করে ফেরেন। ২ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন সাইফ হাসান। ৩৬ বলে ৪৮ রান করেন তিনি। পরে তৌহিদ হূদয় ও শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিংয়ে বড় স্কোর পায় স্বাগতিকরা। তৌহিদ হূদয় ৩৫ বলে ৫৮ রান (৭ চার, ১ ছয়) করেন। ১১ বলে চার ছক্কায় ২৮ রান করেন শামীম। আয়ারল্যান্ডের পিটার চেজ ২টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে আগের মতোই বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি আইরিশরা। ১৮.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দলটি। স্টিফেন দোহেনি ২৯, হ্যারি টেক্টর ২২, লরকান টাকার ৩৮, নেইল রক ১৬, গেটকাটে অপরাজিত ২৬, মার্ক অ্যাডেইর ১১ রান করেন। বাংলাদেশের পেসার সুমন খান ২৮ রানে ৪ উইকেট নেন। তানভির ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ২টি করে, সাইফ হাসান-শামীম পাটোয়ারি ১টি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সে সাইফ ম্যাচ সেরা হন।

এনসিএল