শান্তি চাইলে গন্ধ ছড়াবেন না

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:২২

যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের বোন কিম উয়ো জং একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রবল সমালোচনা করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শান্তি চাইলে গন্ধ ছড়াবেন না। তিনি বাইডেন প্রশাসনের ঘুম নষ্ট করারও হুমকি দেন। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দিচ্ছে না উত্তর কোরিয়া। খবর রয়টার্স ও ডয়চেভেলের

মার্কিন শীর্ষ কূটনীতিক ও সামরিক কর্তারা দক্ষিণ কোরিয়ায় আসার আগেই কিম উয়ো জং তীব্র সমালোচনা করলেন দুই দেশের। গত সপ্তাহে উত্তর কোরিয়ার সীমান্তে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হয়েছে। তার পরেই মুখ খুলেছেন কিম ইয়ো জং। তিনি বলেছেন, আমি মার্কিন প্রশাসনকে সাবধান করে দিচ্ছি, তারা যেন সমুদ্রপাড় থেকে এসে                আমাদের দেশে গোলাবারুদের গন্ধ ছড়াবার চেষ্টা না করে। যদি তারা আগামী চার বছর নিশ্চিন্তে ঘুমোতে চায়, তাহলে তারা যেন এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিউলে পা দেওয়ার এক দিন আগে কিম উয়ো জং এই কড়া বিবৃতি দিলেন। তারা গতকাল জাপানে ছিলেন। সেখান থেকে আজ বুধবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা। কিমের মন্তব্য থেকে বিশেষজ্ঞদের ধারণা, সিউলে ব্লিনকেন ও লয়েড দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে উত্তর কোরিয়ার বিষয়েও কথা বলবেন। সেজন্যই আগাম হুমকি দিয়ে রাখলেন কিম উয়ো জং। সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছিলেন, তারা উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু তা সফল হয়নি। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার সামরিক জোট যে কিমকে আরো অস্বস্তিতে ফেলবে তাতে সন্দেহ নেই। প্রসঙ্গত, এর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে অনেক বৈঠক করলেও তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি।