চকরিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবানঘাটা এলাকার জাগির হোসেন মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জাগির হোসেন মিস্ত্রির ছেলে মো. জাহেদুল ইসলাম (১২), মেয়ে মীম আক্তার (১০) ও মিতু মনি (৮)। হারবাং ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের মেম্বার সৈয়দ নুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
স্থানীয়রা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। সেমিপাকা বাড়িটি আগুনে পুড়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিল। তবে অন্যরা বাঁচলেও তিন শিশু ঘুমিয়ে থাকা কক্ষটির চারদিকটা আগুনে ঘিরে ফেলায় তারা বাঁচতে পারেনি। অন্যকক্ষে যারা ছিলেন তারা প্রাণে বেঁচে যান। আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে না পারায় আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে তাক্ষিণক আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
