শারীরিক প্রতিবন্ধকতা জীবনজয়ের বাধা নয় :হাছান মাহমুদ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:০৩

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শারীরিক প্রতিবন্ধকতা জীবনে কোনো কিছু জয় করার ক্ষেত্রে কখনো প্রতিবন্ধকতা নয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবি ব্যাংক আয়োজিত অটিস্টিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আমরা যদি শিশু-কিশোরকে ঠিকভাবে লালন করতে পারি, তার পরিচর্যা করতে পারি তাহলে দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য তারাও অনেক সম্মান বয়ে নিয়ে আনতে পারে ইতিহাস সেটিই প্রমাণ করে। অটিস্টিক শিশুদের জন্য অনুষ্ঠান আয়োজন করায় মন্ত্রী এবি ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে ব্যাংকটি দেশের অর্থনীতিতে প্রায় চার দশক ধরে অনেক অবদান রেখেছে। এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ রুমী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে লিখেছিলাম, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ হয়ে সেটি গেজেট হয়েছে। এজন্য তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।