আসন্ন ইউপি নির্বাচন ঋণখেলাপিদের তথ্য চেয়েছে ইসি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:০৫

প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটে ঋণখেলাপিদের তথ্য দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ এপ্রিল ইউপির প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়াও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাড়ে ৫ লাখ টাকা এবং সদস্য প্রার্থী ১ লাখ ১০ হাজার টাকা ব্যয় করতে পারবেন। সব প্রার্থীর ব্যয়সীমা সংক্রান্ত এ নির্দেশনা সম্প্রতি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে ইসি।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে সম্প্রতি ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আইন ও বিধি অনুসারে ঋণখেলাপি ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। ঋণখেলাপি ব্যক্তিরা মনোনয়নপত্র দাখিল করলে যাতে তাদের প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা যায়, সেজন্য নির্ধারিত সব ব্যাংক থেকে ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সরবরাহ করা আবশ্যক।

অন্যদিকে প্রার্থীদের ব্যয় সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়েছে, চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনি ব্যয় হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা ব্যয় করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত খরচ হিসাবে ব্যয় করতে পারবেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা। সাধারণ ও সংরক্ষিত পদপ্রার্থীরা সর্বোচ্চ ১ লাখ টাকা এবং ব্যক্তিগত ১০ হাজার টাকা ব্যয় করতে পারবেন। প্রার্থীদের নির্বাচনি ব্যয় তার এজেন্ট ছাড়া অন্য কোনো ব্যক্তি খরচ করতে পারবেন না। যা কোনো তপশিলি ব্যাংকের নতুন একটি অ্যাকাউন্টের থেকে পরিচালিত হতে হবে। সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের তথ্য দাখিল করতে বাধ্যবাধকতাও দিয়েছে ইসি।

উল্লেখ্য, তপশিল অনুযায়ী ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ মার্চ। বাছাই ১৯ মার্চ আর প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ।