করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উৎসবের ছোঁয়া লেগেছে বিনোদন অঙ্গনে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গ্রুপ থিয়েটার ফেডারেশানের উদ্যোগে মহিলা সমিতি মঞ্চে মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আজ (১৭ মার্চ) থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। ১০ দিন ব্যাপী নাট্যোৎসবে ১০টি নাটক মঞ্চায়ন হবে।
উদ্বোধনী দিনে (১৭ মার্চ) মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিটের সারা জাগানো নাটক ‘কোর্ট মার্শাল’। বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটকটি।
‘কোর্ট মার্শাল’ নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।
এছাড়া ১৮ মার্চ ঢাকা নান্দনিক নাট্যদলের ‘গ্রহণকাল’, ১৯ মার্চ লোক নাট্যদলের (বনানী) ‘ঠিকানা’, ২০ মার্চ শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘রাইফেল’, ২১ মার্চ নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের ‘তোরা সব জয়ধ্বনি কর’, ২২ মার্চ ঢাকা পাদতিকের ‘কথা ৭১’, ২৩ মার্চ খেয়ালি নাট্যগোষ্ঠীর ‘কদমতলী আর্মি ক্যাম্প’, ২৪ মার্চ প্রাঙ্গণেমোরের ‘কনডেমড সেল’, ২৫ মার্চ পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি’, ২৬ মার্চ থিয়েটার বেইলি রোডের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটক মঞ্চায়ন হবে।
ইত্তেফাক/বিএএফ
