আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ড. ইউনূসের

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:০৭

আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির এমডি আশরাফুল হাসান। ঐ ক্ষমার আবেদন গ্রহণ করে তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

এর আগে ড. ইউনূসসহ দুজন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে ভার্চুয়ালি উপস্থিত হন।

তাদের দুজনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। এরপর তাদের লিখিত ব্যাখ্যা আদালতে দাখিল করা হয়। সেখানে বলা হয়েছে, আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে। তবে কোনো আদেশ প্রতিপালন না হয়ে থাকলে তবে তা অনিচ্ছাকৃত। সেক্ষেত্রে আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। আদালত আবেদন মঞ্জুর করে ২২ এপ্রিল পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে দেন।

গ্রামীণ টেলিকমের ৩৮ কর্মীর বিষয়ে আদেশ বাস্তবায়ন না করার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. ইউনূস ও এমডি আশরাফুল হাসানকে তলব করে হাইকোর্ট। কর্মীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।